Site icon CPLUSBD.COM

‘জুলাইয়ের মধ্যেই বসবে পদ্মা সেতুর সব স্প্যান’

আগামী জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর সবগুলো স্টিলের কাঠামো (স্প্যান) বসানোর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২০টি স্প্যান ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। বাকি ২১টি আগামী জুলাইয়ের মধ্যে স্থাপন করা হবে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজের ভৌত অগ্রগতি ৮৫ দশমিক ৫ শতাংশ। নদীশাসন কাজের অগ্রগতি ৬৬ শতাংশ। আগামী বছরের জুন মাসে এ সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।