সিপ্লাস প্রতিবেদক: নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অবশেষে ৪ দিন পর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা ঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ( ১ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুন্ড বড় কুমিরা খালের ঘাট থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় এক দোকানদার জানান, অজ্ঞাত এক ব্যক্তি খালে পড়ে থাকতে দেখে স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। পৌঁছার পর তিনি অজ্ঞাত পড়ে থাকা ব্যক্তিটি শনাক্ত করলেন। তিনি হলেন চট্টগ্রামের নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরওয়ার। এসময় হঠাৎ জ্ঞান ফিরলে তিনি হাউ মাউ করে কেদেঁ উঠে বলেন “আমি আর নিউজ করব না, আমাকে আর মারিয়েন না” একথা ছাড়া তিনি আর কোন কথাই বলেননি।
পরে সীতাকুণ্ড থানা ও কোতোয়ালী থানার ওসি ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধারের পরপরই সাংবাদিক গোলাম সরওয়ারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তৃতীয় তলার ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাংবাদিক নেতা, সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, পুলিশসহ আমরা সাংবাদিক গোলাম সরওয়ারকে চমেকে নিয়ে আসি। ১৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো সরওয়ার অজ্ঞান অবস্থায় আছে। আমাদের সঙ্গে কোনো কথা হয়নি।








