সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটিকাটা, পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

