সিপ্লাস ডেস্ক: ঈদুল আজহার বিরতির পর সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ সোমবার (২৬ জুলাই) থেকে আবার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে । দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার এ তথ্য জানায় টিসিবি।
টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।
নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে থাকবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল।
টিসিবি সূত্র থেকে জানা যায়, গতবারের মতো এবারও সারা দেশে ৪৫০টি ট্রাকে পরিচালনা করা হবে পণ্য বিক্রি কার্যক্রম। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে।
টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

