নিউজটি শেয়ার করুন

টেকনাফের সমুদ্রসৈকতে ২৬ ফুট লম্বা মৃত তিমি

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত তিমি। ২৬ ফুট লম্বা তিমিটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে বলে জানা গেছে।

টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্রসৈকতে শুক্রবার মধ্যরাতে মৃত তিমিটি ভেসে আসে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, খবরে রাতেই প্রশাসন, বন বিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

তবে ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে।

রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বন বিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এর পর সৈকতের অদূরে তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়।

টেকনাফ উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, তিমিটি মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here