Site icon CPLUSBD.COM

টেকনাফে অপহৃত দুই বোনকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের টেকনাফে হাকিম ডাকাত বাহিনীর হাতে অপহৃত স্কুল পড়ুয়া দুই বোনকে উদ্ধার হয়েছে। তারা বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার হেডম্যান আবুল কালামের মেয়ে। অপহরণের দুইদিন পর গতকাল বুধবার ভোররাত তিনটার দিকে তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ২০ অক্টোবর ভোররাত আড়াইটার দিকে শীর্ষ রোহিঙ্গা হাকিম ডাকাত বাহিনীর সদস্যরা আবুল কালামের বসত বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্বর্ন-অলংকার ও নগদ টাকা লুট করার পাশাপাশি তার স্কুল পড়ুয়া দুই মেয়ে তসলিমা (১৪) ও আকলিমা (১২) কে অপহরণ করে নিয়ে যায়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অপহরণের দিন থেকে ডাকাত ও অপহরণকারীদের গ্রেফতার এবং অপহৃত দুই মেয়ে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত ছিল।
অবশেষে পুলিশ আজ (বুধবার) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত দুই মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া দুই মেয়ে শারিরীকভাবে অসুস্থতা বোধ করায় তাদের চিকিৎসার্থে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তাদের আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অপহৃতদ্বয়ের পিতা আবুল কালাম জানান, আমার দুই মেয়েকে অপহরণের পর উদ্ধার করতে পারায় আইনশৃঙ্খলাবাহিনীর কাছে কৃতজ্ঞতা জানায়। স্থানীয় লোকজনও এ ব্যাপারে আমাদের পরিবারের পাশে ছিল।
প্রসঙ্গত, টেকনাফের পাহাড়ে ত্রাস হিসেবে পরিচিত দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল হাকিম ওরফে হাকিম ডাকাত বাহিনীর সদস্যরা এই দুই মেয়েকে অপহরণ করেছিল বলে জানা যায়। ওই দিন আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় অস্ত্রধারী এসব লোকজন নিজেদের হাকিম ডাকাত বাহিনীর লোক বলে পরিচয় দেন।