Site icon CPLUSBD.COM

টেকনাফে আবারো এক কেজির বেশি আইস উদ্ধার, গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মোহাম্মদ ইদ্রিস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য পাঁচ কোটি ২০ লাখ টাকা।

শনিবার(৯ অক্টোবর) গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে ওই আইস জব্দ করা হয়।

রবিবার(১০ অক্টোবর)  টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইদ্রিস একই এলাকার মৃত আজিজুর রহমানের (প্রকাশ আজিরান) ছেলে।

ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে গভীর রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়ার ইদ্রিসের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশ দেখে ইদ্রিস বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার স্বীকারোক্তি মতে, অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ২০ লাখ টাকা।

ইদ্রিসের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইসসহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।