Site icon CPLUSBD.COM

টেকনাফে জমির বিবাদে গুলিবিদ্ধ ১

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. ফারুক (৩৫) টেকনাফ সাবরাংয়ের সিকদার পাড়ার হাসান আহমদের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ও পরিববার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে টেকনাফ আসার পথে হঠাৎ করে পথরোধ করে দুর্বৃত্তদের একটি দল ফারুককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পরে যায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মো. ফারুকের বাবা হাসান আহমেদ জানান, ‘আমার ছেলে মাছ ব্যবসায়ীক কাজে টেকনাফে যাওয়ার পথে শাহপরীরদ্বীপ সড়কের মৌলভী পাড়া এলাকায় পৌছলে মৌলভী গফুর ও মো. রাসেলসহ স্বশস্ত্র আরো কয়েকজন তাকে ব্যরিকেড দিয়ে হামলা চালায়। এ ঘটনায় অস্ত্রধারীদের স্থানীয় জনপ্রতিনিধিও সহযোগিতা করেছে। তারা কোন কথা না বলে ছেলেকে হত্যার জন্য গুলি করেছিল। হামলাকারীরা ইয়াবা ব্যবসা করে নামে-বেনামে কোটি টাকার মালিক বনে গেছেন। ইয়াবার টাকায় কিনেছেন অবৈধ অস্ত্রও। তাদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘জমির সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’