Site icon CPLUSBD.COM

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথসহ যুবক আটক

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথসহহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. আব্দুল মজিদ (২০) সদর ইউনিয়নের মধ্যম গোদারবিলের হোসেন আলীর ছেলে।

বুধবার(৬ অক্টোবর) ফয়সল বলেন, মধ্যরাতে গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন।

এতে ২/৩ জন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে মোটরসাইকেল থেকে নেমে একজন মধ্যম গোদারবিল এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে।

ফয়সল বলেন, এসময় বিজিবির সদস্যরা বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে একজনকে আটক করে। পরে বাড়ীর ভিতর থেকে দুইটি প্যাকেট উদ্ধার করা হয়, যেখানে দেড় কেজি ওজনের মাদক ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ফয়সল।