মোঃ শাহীন, টেকনাফ: মাছের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় সরকারের দেওয়া দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করে টেকনাফ উপজেলায় জেলে ও নৌকার মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার(৭জুন)সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, নৌপুলিশের ওসি মো. আব্দুল্লাহ সহ টেকনাফ থানা পুলিশের কর্মকর্তারা।
এসময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল, বাহারছড়া, হাদুরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌঘাট এলাকায় জেলেদের ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সাথে ২০০ কেজি মাছ জব্দ করে তা দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া ২১জন বোট মালিকের বিরুদ্ধে ২১টি মামলা রুজু করে তাদের কাছ থেকে ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে,ইলিশের প্রজননের সময় কয়েক বছর ধরে শিকার বন্ধ রাখায় দেশে ইলিশের উৎপাদন বাড়ছে। সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখার এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে সেখানেও মাছের উৎপাদন বাড়বে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

