টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।
বিজিবির দাবি, নিহত দুজন ইয়াবা ব্যবসায়ী ছিলেন।
২৫ জুলাই শনিবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌচনী লবণ মাঠ এলাকার ছরিখাল বিএস টির মধ্যবর্তী স্থানের এম জি পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মোঃ হাবিব উল্লাহ ছেলে মোঃ ফেরদৌস (৩০), একই ক্যাম্পের মৃত সৈয়দ আহম্মদ ছেলে মোঃ আব্দুস সালাম (৩৫)।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদে জানতে পারে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌচনী লবণ মাঠ এলাকার ছরিখাল নাফনদীর সীমান্ত দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করতে পারে। এমন সংবাদে ওই এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান করেন। নাফ নদী বেড়িবাঁধ দিয়ে কয়েকজন লোক হেঁটে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অস্ত্রধারী রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরা অতর্কিতভাবে বিজিবির ওপর গুলি চালায়। এসম বিজিবি সদস্যরা জীবন ও সরকারি মালামাল আত্মরক্ষার্থে গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কক্সবাজার নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
বিজিবির ওই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, ১টি দেশীয় বন্দুক,১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি কিরিচ জব্দ করা হয়। এঘটনায় বিজিবি দুই সদস্য আহত হয়েছে। লাশ দুটি কক্সবাজার মর্গে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছে।








