টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফে বিজিবি অভিযান পরিচালনা করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে। আটককৃত ব্যক্তি হলো,কক্সবাজার উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি ব্লকের মোঃ রশিদ আহম্মেদের ছেলে মোঃ শফি উল্লাহ (৪০)।
বুধবার(৮জুলাই) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোষ্টে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ান (বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্টে একটি বিশেষ টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। টেকনাফ হতে কক্সবাজারগামী একটি স্পেশাল বাস হোয়াইক্যং চেকপোষ্টে আসলে থামানো সংকেত দেয়।
একপর্যায়ে বাসটি তল্লাশী কালীন একজন যাত্রীর আচরণ সন্দেহ জনক হলে তাকে তল্লাশী করে।তল্লাশী কালীন তার পরিহিত পাঞ্জাবীর পকেটে ৪৩ লাখ টাকা মূল্যের ৭১ ভরি এক আনা ৫ রতি ৫ পয়েন্ট (৮২৯.৫৬ গ্রাম) ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্বর্ণের বারের কোন বৈধ কাগজপত্র না থাকায় বর্ণিত ব্যক্তিকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক করা হয়। সরকারের কর/শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের বার নিজ হেফাজতে রেখে চোরাচালানের অপরাধে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের বার জেলা প্রশাসক, কক্সবাজার এর ট্রেজারী শাখায় জমা করা হয়েছে।








