সিপ্লাস প্রতিবেদক: টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালানোর সময় বিজিবির সঙ্গে গোলাগুলির সময় এক ইয়াবা কারবারি গুলিবিদ্ধ হয়ে নাফ নদীতে তলিয়ে গেছে।
পরে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩কোটি ৬০ লাখ টাকা।
রবিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ একটি টহল দল রিজভীখাল এলাকা দিয়ে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিনজন কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করছিল। এটি দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে।
তখন তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় অপর দুজন সাঁতারে মিয়ানমার সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (বিজিবিএম পিএসসি) জানান, সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান এবং অবৈধ মাদকপাচারের দায়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলার প্রক্রিয়া চলছে।

