সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে ইকবাল (২০) নামের আর্জেন্টিনার এক সমর্থক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি মেম্বার জাহেদ হোসাইন।
রবিবার (১১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
আহত ইকবাল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। হামলাকারী রিদুয়ানুল ইসলাম একই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে।
স্থানীয়রা জানান, শিরোপার লড়াইয়ে ব্রাজিল হেরে যাওয়ায় ভক্তরা আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশ্যে করে গালিগালাজ শুরু করে। এ নিয়ে প্রতিবাদ জানালে ব্রাজিলের ভক্ত রিদুয়ান ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থক ইকবালের উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে আহত হয়। স্থানীয়ারা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








