টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও দু্ইজন আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন, শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। তারা দুজন একই ক্যাম্পের বাসিন্দা।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ক্যাম্পের এইচ বক্লে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল বলেন, ‘রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশংজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের অভিযান চলছে।’
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোস্তফা কামাল বলেন, ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এঘটনা ক্যাম্পের লোকজন আতংকের মধ্যে রয়েছে।’








