নিউজটি শেয়ার করুন

টেকনাফ থানার গেইট খুলল ৮ দিন পর

ছবি সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক:  টেকনাফের শামলাপুর চেকপোষ্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর  সাবেক ওসি প্রদীপ কুমার দাশ গ্রেফতার আতঙ্কে থানার মেইন গেইট বন্ধ করে রাখা হয়েছিল ।

আট দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে সোমবার(১০ আগষ্ট) রাতে টেকনাফ মডেল থানার নবাগত ওসি আবুল ফয়সল থানার প্রবেশ গেট খুলে দেন।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ার ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় পকেট গেটটিও বন্ধ করে দেয়া হয়। ওসি প্রদীপ নিজেই আতঙ্কে থানার প্রধান ফটক বন্ধ করে দেন বলে জানান সংশ্লিষ্টরা ।

সর্বশেষ সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ সাত পুলিশ জেলে যাওয়ার পর ৮ আগস্ট নতুন ওসি হিসেবে টেকনাফ থানায় যোগদান করেন কুমিল্লা চান্দিনার সাবেক ওসি আবুল ফয়সল। তিনি যোগদানের দুদিনের মাথায় থানার প্রধান ফটক খুলে দেন।

দীর্ঘদিন পর থানার মেইন গেট খুলে দেয়ার ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার নবাগত ওসি আবুল ফয়সল বলেন, নিরাপত্তার বিষয় ছিল, যেহেতু ওসি ছিল না। হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে। সে কারণে হয়তো থানার মেইন গেট বন্ধ ছিল।

আমি আসার পরেই যারা অভিযোগকারী বা সেবাপ্রত্যাশী, তাদের আইনগতভাবে সেবা দেয়ার জন্য গেট খুলে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অপরাধীদের বিরুদ্ধে এবং নির্যাতিত সাধারণ মানুষের পক্ষে অতীতেও কাজ করেছি ভবিষ্যতেও করে যাব।