কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ট্রাক্টর গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ জাহেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় তার ছোট ভাই মোহাম্মদ তৌহিদ (১৮) গুরুতর আহত হয়।
শনিবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত দুই ভাই ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আহত তৌহিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিরিঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মীর কাশেম জানান, সকালে ট্রাক্টরে ছড়ে দুই ভাইসহ ৪জন মিলে জমি চাষ দিতে যাচ্ছিলেন। এসময় বৃষ্টির কারণে পিচ্ছিল হওয়া সড়কে ট্যাক্টর উল্টে যায়। চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও দুই ভাই জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। তৌহিদকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও জাহেদ ঘটনাস্থলে মারা যায়।
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহেদ নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








