সিপ্লাস প্রতিবেদক: নগরীর পবর্তক মোড় এলাকায় মো.সোহাগ শেখ (৩৫) নামে এক পকেটমারকে ধরে ১ লাখ টাকা উদ্ধার করল সিএমপির ট্রাফিক পুলিশ।
বুধবার ( ৩ ফেব্রুয়ারী) বিকালে তাকে আটক করা হয়।
আটককৃত পকেটমার সোহাগ শেখ গাজীপুর জেলার কালিয়াকৈর মদ্দপাড়া এলাকার মো. ইয়াকুব আলী শেখের ছেলে।
মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট কবির হোসেন বলেন, প্রবর্তক মোড় এলাকায় দায়িত্ব পালন করার সময় ৩ নম্বর রাইডার বাসে কে যেন কান্নাকাটি করে হৈ চৈ করছে। তখন বাসটি দাড়াতে বলে কি হয়েছে তা জানতে চাইলে কক্সবাজারের চকরিয়া থেকে ট্রাভেল এজেন্সিতে ভিসার জন্য টাকা দিতে চট্টগ্রামে এসেছিলেন কবির আহম্মদ (৩৫) নামে এক যুবক জানান।
তিনি মুরাদপুরে বাস থেকে নেমে আরেকটি বাসে উঠে রিয়াজউদ্দিন বাজার যাচ্ছিলেন। এমন সময় পথে প্রবর্তক মোড় এলাকায় দেখেন তার পকেটে থাকা ১ লাখ টাকা নেই। পরে আমরা ওই বাস থামিয়ে তল্লাশি শুরু করলে এক লোক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি, কনস্টেবল সজল কুমার ও মো. হাবিবুল্লাহ ওই লোককে ধরে ফেলি। পরে তাকে তল্লাশি করলে তার কাছে ১ লাখ টাকা পাওয়া যায়। এরপর পকেটমার সোহাগ শেখ (৩৫)কে ধরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করি। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর মদ্দপাড়া এলাকার মো. ইয়াকুব আলী শেখের ছেলে।

