সিপ্লাস প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ঢাকা বাইপাসে মিরেরবাজার এলাকায় রেলগেটে তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় উল্টে গেছে লরি। এ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে রেল চলাচল। ট্রেন উল্টো পথে পূবাইল রেলস্টেশনে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রেলগেট খোলা ছিল। লরির ড্রাইভার গেট খোলা পেয়ে প্রবেশ করেন। এ সময় রেল অতিক্রম করতে গেলে ট্রেনটি লরির উপর উঠে যায়। লড়িটি উল্টে গিয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লরির চালক ও গেটম্যান পালিয়ে যায়।
মিরেরবাজারে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আবদুল মান্নান সাংবাদিকদের জানান, গেটম্যান সতর্ক না থাকাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই দিকে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চেষ্টা চলছে লরিটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা যায় কিনা।








