রাঙ্গুনিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কার্যালয়ে সঠিক সময়ে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে। জনগণের সেবাই সকল কর্মকর্তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে। আসন্ন বিজয় দিবস প্রতিবারের ন্যায় যথাযথভাবে পালন করা হবে। উপজেলা ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে ও আরও বেশি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারটি আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করে শিশুমেলা মডেল স্কুল মাঠে স্থাপন করা হবে। উপজেলার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ আসছে। এই ক্ষেত্রে এসব সেবা কেন্দ্রের চিকিৎসকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। উপজেলার সরকারি দপ্তর, উপ-স্বাস্থ্যকেন্দ্রে নৈশ প্রহরীরা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের দায়িত্ব পালনে আরও বেশি তদারকি করতে হবে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিব পালিত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি, মহিলা বিষয়ক সম্পাদক কর্মকর্তা সোনিয়া সফি, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের উপজেলার সমন্বয়ক রাশেদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিপ্তী শর্মা, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আবদুল কাইয়ুম তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মির্জা সেকান্দর হোসেন, নজরুল ইসলাম তালুকদার, জাহেদুর রহমান তালুকদার, নূর কুতুবুল আলম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা রোকসানা বেগম নার্গিস, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ।








