নিউজটি শেয়ার করুন

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প

সিপ্লাস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আর কোনো সম্পর্ক রাখছে না যুক্তরাষ্ট্র। সংস্থাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে চীনের পক্ষপাতিত্ব করায় আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর জাতিসংঘের এই সংস্থাকে অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাব দেওয়ার পর তাতে সাড়া না পাওয়ায় শুক্রবার এ ঘোষণা দেন ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই ট্রাম্প এমন হুমকি দিয়ে আসছিলেন।

ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের অনুরোধ রাখেনি। তাই ডব্লিউএইচওর সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে অর্থায়ন করা হতো তা ফেরৎ এনে স্বাস্থ্যের উন্নয়নে খরচ করা হবে।

বৃহস্পতিবার করোনাভাইরাসকে ‘চীনের জঘন্য উপহার’ বলেছিলেন ট্রাম্প। এর একদিন পর আবারও চীনাদের দিকে আঙুল তুলে বললেন, ভাইরাস নিয়ে চীনের কাছ থেকে জবাব চায় বিশ্ব, আমাদের অবশ্যই স্বচ্ছ থাকতে হবে।

করোনাভাইরাস সম্পর্কে চীন ডব্লিউএইচওকে সঠিক তথ্য দেয়নি অভিযোগ করলেন ট্রাম্প এবং বললেন বিশ্বকে ভুল দিকে পরিচালিত করতে প্রতিষ্ঠানটিকে চাপ দিয়ে গেছে চীনারা।

ডব্লিউএইচও’র মুখপাত্র শুক্রবার সিএনএনকে বলেছেন, এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই।’

এদিকে হংকং ইস্যুতেও কঠোর পদক্ষেপ নিতে চলেছেন ট্রাম্প। এতদিন ধরে হংকংয়ের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু ছিল মার্কিন প্রশাসনে। তাদের বিশেষ মর্যাদাটা তুলে নেওয়া হবে জানালেন প্রেসিডেন্ট। ফলে চীনের মূল ভূখণ্ডের মতোই সমান মর্যাদা পাবে হংকং।

‘এক দেশে, দুই নীতি’র হিসাবে হংকং চীনের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও পূর্ণ স্বাধীনতা ভোগ করে হংকং। তবে সম্প্রতি চীনারা নতুন জাতীয় নিরাপত্তা আইনের অনুমোদন দেওয়ায় হংকং স্বায়ত্তশাসন হারাবে। এরই প্রতিক্রিয়ায় হংকং ইস্যুতে মার্কিন নীতি বদলের ঘোষণা দিলেন ট্রাম্প।