Site icon CPLUSBD.COM

ডিজিটাল সেবা নামে থাকলেও কাজে নেই: চার মাসেও আপডেট হয়নি সিএমপির ওয়েবসাইট

সিপ্লাস প্রতিবেদক: যুগের প্রয়োজনে-সময়ের চাহিদায় বাংলাদেশ পুলিশের ডিজিটাল যাত্রা শুরু হলেও ডিজিটাল হতে পারেনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) অফিসিয়াল ওয়েবসাইট।

সিএমপির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সর্বশেষ গত চার মাসেও আপডেট করা হয়নি এটি।

বিভিন্ন সময় সাধারণ মানুষ সাংবাদিকদের কাছে পুলিশের বিভিন্ন কর্মকর্তার ফোন নাম্বার ও বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য জানতে চাইলে সাংবাদিকরা সিএমপির ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করে সেবা প্রত্যাশীদের।তারা সিএমপির ওয়েবসাইট ঘুরে কাংখিত সেবা না পেয়ে অনেক সময় উত্তেজিত হয়ে সাংবাদিকদের গালিগালাজও করেন।

বিশেষ করে, সিএমপির ওয়েবসাইটে ঢুকলেই হোম পেজ এ সিএমপির সাবেক ও বর্তমান কমিশনারদের নামের তালিকায় নেই বর্তমান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নাম।নেই বিদায়ী কমিশনারের শেষ কর্মদিবসের তথ্যও।

উল্লেখ্য নতুন কমিশনার গত বছরের ৭ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।

সোমবার(৪ জানুয়ারী) ওয়েবসাইটটির বিভিন্ন অপশনে গিয়ে দেখা যায় তথ্য নেই সিএমপির হেড কোয়ার্টারসহ বিভিন্ন থানার  কর্মকর্তাদের।

দুই মাস আগে সিএমপির সকল কর্মকর্তাদের সরকারি যোগাযোগ নাম্বার পরিবর্তন করা হলেও তা হালনাগাদ হয়নি সিএমপির ওয়েবসাইটে এবং এই সময়ের মধ্যে অনেক অফিসার রদবদল করেছেন নতুন কমিশনার। কমিশনারসহ তাদের তথ্যও নেই এই ওয়েবসাইটে।

ওয়েবসাইটে সিএমপির বিভিন্ন ইউনিট এর নাম উল্লেখ থাকলেও তাতে নাই প্রয়োজনীয় তথ্য। নেই থানা ভিত্তিক অফিসারদের তালিকা ও যোগাযোগের নাম্বার।

এর ফলে কোন কর্মকর্তা এখন কোথায় অবস্থান করছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

নোটিশ বোর্ড অপশন থাকলেও নাই কোন নোটিশ।

বিভিন্ন অপশনে সার্চ করলেও আশাহত করছে সিএমপির ওয়েবসাইট। নানা রকম সেবার কথা উল্লেখ থাকলেও সেবা বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশিরা।

গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কিছু ই-সেবা চালু করা হলেও কোন তথ্য নাই এই ওয়েবসাইটে।

মজার ব্যাপার হলো এই ওয়েবসাইটে নতুন কমিশনার ওয়েবসাইটটির দুর্দান্ত সাফল্য কামনা করলেও কমিশনারের তালিকায় নাম ওঠেনি তার।দীর্ঘদিন আপডেট না থাকায় সিএমপির অনেক সঠিক তথ্যই নেই ওয়েবসাইটটিতে।

এবিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার(দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ সিপ্লাসকে বলেন, আমরা সকল আপডেট তথ্য সংযুক্ত একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছি। কমিশনার স্যার অনুমোদন দিলে আমরা শিঘ্রই প্রকাশ করবো। আশাকরি তিন/চার দিনের মধ্যেই আপনারা নতুন ওয়েবসাইটি দেখতে পাবেন।