নিউজটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

মঙ্গলবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক থেকে গ্রেপ্তার হয় ইমরান হোসেন শওকত (২৮) নামের ওই যুবক।

পুলিশ বলছে, ইমরানের বিরুদ্ধে বাকলিয়াসহ বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা আছে।

ইমরান বাকলিয়া থানার কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল শাহ আমানত সংযোগ সেতু সড়কের সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইমরানকে গ্রেপ্তার করে।”

তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি নেজাম বলেন, “ইমরান নগরীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে ছিনতাই করে থাকে। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ আছে।”

ইমরানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।