মশাবাহিত রোগ হিসেবে পরিচিত প্রাণঘাতী ডেঙ্গুর জ্বর ছড়ানোর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে স্পেন। দুজন পুরুষের যৌন মিলনের মধ্য দিয়ে ডেঙ্গু ভাইরাস ছড়ানোর প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে দেশটি।
ডেঙ্গু সংক্রমণের এই পদ্ধতিকে ‘অস্বাভাবিক ও অপ্রত্যাশিত’ হিসেবে বর্ণনা করে ইউরোপীয় ইউনিয়নের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্র (ইসিডিসি) বলছে, ঘটনা সত্যি হলে এটা হবে পুরুষে-পুরুষে যৌন মিলনে ডেঙ্গু ছড়ানোর প্রথম ঘটনা।
গণমাধ্যমের খবরের ভিত্তিতে স্টকহোমভিত্তিক সংস্থাটি বলছে, গত সেপ্টেম্বরে মাদ্রিদ পৌর এলাকার দুই পুরুষ বাসিন্দার মধ্যে ডেঙ্গুর সংক্রমণ নিশ্চিত হওয়ার খবর দিয়েছে স্পেন, যাদের পরস্পরের মধ্যে যৌন মিলন হয়েছিল।
এদের মধ্যে সর্ব সম্প্রতি আক্রান্ত ব্যক্তি সম্প্রতি স্পেনের বাইরে যাননি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তার মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা যায় এবং ল্যাবরেটরি পরীক্ষায় তার ডেঙ্গু নিশ্চিত হয়।
সেপ্টেম্বরের শুরুতে তার পুরুষ সঙ্গীর মধ্যে একই লক্ষণ দেখা গিয়েছিল, যাকে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। এই ব্যক্তি অগাস্টে ও সেপ্টেম্বরের শুরুতে কিউবা ও ডোমিনিকান প্রজাতন্ত্রে গিয়েছিলেন।
মাদ্রিদ অঞ্চলের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সুজানা জিমেনেজকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সী ওই পুরুষের পুরুষ সঙ্গী কিউবা ভ্রমণে গিয়ে মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।
ইসিডিসির এক স্বাস্থ্য বুলেটিনে সর্ব সম্প্রতি আক্রান্ত জনের সংক্রমণকে ‘অটোচথনাস (স্থানীয়ভাবে সৃষ্ট)’ হিসাবে ও আগের জনের ঘটনাকে ‘আমদানিকৃত’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।








