ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞায় একটি ডোবা থেকে আরাফাত হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু সোনাগাজী উপজেলার চর মজলিশ পুর ইউনিয়নের ছয়আনি গ্রামের কাতার প্রবাসী পানা উল্যার ছেলে।
রোববার দুপুরে জেলার দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মোমারিজ পুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, শিশু আরাফাত হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শিশু আরাফাত হোসেন চরলক্ষী গঞ্জ মরহুম সামছুল হক নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র ছিলো।
সেখানে থেকেই পড়ালেখা করতো। কিন্তু রোববার সকালে শিশুর মৃতদেহ ডোবায় পড়ে আছে এমন তথ্য মাদ্রাসার পক্ষ থেকে শিশুর পরিবারকে জানায়। একপর্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায় স্বজনরা।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত শিশুর মামা আবদুল্লাহ আল মনসুর অভিযোগ করেন তার ভাগিনা আরাফাতকে মাদ্রাসা কতৃপক্ষ শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখে। নিহত আরাফাতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। এছাড়া সে মেধাবী ও সরলমনা ছাত্র ছিলো দাবী তার।
এব্যাপারে দাগনভুঞা থানার উপ পরিদর্শক যশমন্ত শাহা জানান,এ ঘটনার তদন্ত চলছে। আর ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।








