নিউজটি শেয়ার করুন

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে শ্রম আইনে মামলা

শ্রম আইন লংঘনের অভিযোগে গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।

মামলায় ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ এপ্রিল একজন পরিদর্শক গ্রামীণ কমিউনিকেশন্স পরিদর্শন করে বিভিন্ন ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে ৭ মে ডাকযোগে বিবাদী পক্ষ জবাব দেয়। এরপর মামলার বাদী গত ১০ অক্টোবর প্রতিষ্ঠানটি আবার পরিদর্শনে গিয়ে ১০টি বিধি লংঘনের প্রমাণ পান এবং ২৮ অক্টোবর তা অবহিত করেন। তবে বিবাদী পক্ষ সময়ের আবেদন করেও নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দাখিল করেননি। এতে বিবাদীরা শ্রম আইনের ধারা ৩৩ (ঙ) এবং ৩০৭ মোতাবেক দণ্ডনীয় অপরাধ করেছেন।

এর আগে ট্রেড ইউনিয়ন গঠনের কারণে গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মীর পৃথক তিনটি মামলায় একই আদালত গত ৯ অক্টোবর ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন মঞ্জুর করে।