নিউজটি শেয়ার করুন

ঢাকাবাসীকে প্রধানমন্ত্রীর ‘ধন্যবাদ’

তিনি বলেছেন, “আমি ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের উত্তর ও দক্ষিণের মেয়রকে জয়যুক্ত করেছেন। ”

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স-বাংলাদেশের (আইডিইবি) ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘স্কিল রেডিনেস ফর এচিভিং এসডিজি’স অ্যান্ড অ্যাডপ্টিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শনিবার কম ভোটার উপস্থিতির মধ্যে গোলযোগবিহীন এ নির্বাচনে ক্ষমতাসীন দলের দুই মেয়র প্রার্থীই বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হয়েছেন পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে; তিনি পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ঢাকা উত্তরেও পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম; নৌকায় তার ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

দক্ষিণে মোট ২৪ লাখ ৫৩ হাজার ভোটারের মধ্যে মাত্র ২৯ শতাংশ ভোট দিয়েছেন। উত্তরে ভোটের হার আরও কম ২৫ দশমিক ৩ শতাংশ।

নৌকার প্রার্থীদের এই জয়কে ‘সরকারের জনপ্রিয়তা ও ইভিএমে ভোটের পরীক্ষায়’ আওয়ামী লীগের জয় হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী।

আর সেজন্য ভোটারদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ,  অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”

অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।