Site icon CPLUSBD.COM

ঢাকার পরপরই চট্টগ্রাম বিমানবন্দরে বসছে র‍্যাপিড পিসিআর ল্যাব

ঢাকার পরপরই চট্টগ্রাম বিমানবন্দরে বসছে র‍্যাপিড পিসিআর ল্যাব

ছবি: চট্টগ্রামে র‍্যাপিড পিসিআর ল্যাবের দাবীতে প্রবাসীদের মানববন্ধন

সিপ্লাস প্রতিবেদক: অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশের পর চট্টগ্রামসহ দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্ট ল্যাব বসছে । আগামী ২-৩ দিনের মধ্যে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব। এদিকে চট্টগ্রাম  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন প্রথমে ঢাকা, এরপর চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাবের কাজ শুরু হবে।

দীর্ঘদিন ধরেই ফ্লাইট বন্ধ থাকায় ছুটিতে আরব আমিরাত থেকে দেশে এসে আটকা পড়েছিলেন হাজার হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দেশটি নতুন শর্ত জুড়ে দিয়েছিলো, বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে শুধু করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদের প্রবেশের অনুমতি দেবে আরব আমিরাত। আর দেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় এ নিয়ে প্রবাসীদের মাথাব্যথা বেড়ে গিয়েছিলো বহুগুণ।

প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে একাধিকবার জানান দিয়েও সরকারী পর্যায় থেকে এ সমস্যার কোনো সুরাহা পাননি দেশের আমিরাত প্রবাসীরা। গত ৩ সেপ্টেম্বর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ এমপি প্রবাসীদের দু:খের কথা বিবেচনায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবি তোলেন।

এদিকে আজ (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে দেশের তিনটি বিমানবন্দরে চার ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট ফলাফল জানা যাবে এমন সক্ষমতার ‘র‍্যাপিড পিসিআর’ ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। ঢাকা বিমানবন্দরে ল্যাবের জন্য জায়গাও নির্ধারন করা হয়ে গেছে।

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর- ঢাকা, সিলেট ও চট্টগ্রামে এ পিসিআর টেস্ট ল্যাবগুলো স্থাপন করবে স্ব স্ব স্বাস্থ্য বিভাগ ও সিভিল এভিয়েশন।

চট্টগ্রামে কবে নাগাদ এ পিসিআর ল্যাব বসবে এ ব্যাপারে জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সিপ্লাসটিভিকে বলেন, ইতিমধ্যেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘র‍্যাপিড পিসিআর’  ল্যাবের জন্য জায়গা নির্ধারিত হয়ে গেছে।আগামী তিন চারদিনের মধ্যেই ল্যাবের কাজ শুরু হয়ে যাবে আশাকরি। ঢাকার পরপরই চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। তবে তিনি নির্দিষ্ট দিন বা তারিখের উল্লেখ করতে পারেন নি।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ‘র‍্যাপিড পিসিআর’ টেস্টের ব্যবস্থা করার দাবি নিয়ে বেশ কিছুদিন ধরেই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বিক্ষোভ, মানবন্ধন থেকে শুরু করে নানা কর্মসূচী পালন করে আসছে। তাই এখন প্রবাসীদের দাবি খুব শীঘ্রই এ ল্যাব স্থাপন করে সব শর্ত পূরনসাপেক্ষে ফের তাদের বিদেশ যাত্রা নিশ্চিত করতে হবে।