ঢাকার পর চট্টগ্রাম থেকে সৌদি আরবের মদিনায় বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হল।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ফ্লাইটের উদ্বোধন করেন।
এরপর দুপুর সোয়া একটায় ২৬৫ জন যাত্রী নিয়ে বিজি-১৩৭ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়। ফ্লাইটটি মদিনার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় পৌঁছাবে।
মদিনা থেকে ফিরতি ফ্লাইট বিজি-১৩৮ স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ছেড়ে পরদিন চারটা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
প্রাথমিকভাবে চট্টগ্রাম-মদিনা রুটে বিমান প্রতি বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে যাত্রী বৃদ্ধির প্রেক্ষিতে ফ্লাইটও বাড়ানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “মক্কা-মদিনায় চট্টগ্রামের লোক বেশি। প্রচুর লোক প্রতি বছর হজ ও ওমরাহ করতে যান, চট্টগ্রামের সম্ভবত বেশি। যারা মধ্যপ্রাচ্যবাসী এবং নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এ ফ্লাইট।”
এর আগে গত সোমবার চালু হয় বিমানের ঢাকা-মদিনা ফ্লাইট।








