Site icon CPLUSBD.COM

ঢাকার ২ আসনে আ.লীগের প্রার্থী হতে চান ৭৪ জন

সিপ্লাস ডেস্ক: জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার দুই আসন থেকে লড়তে চান।

রোববার বিকাল পর্যন্ত পাঁচটি আসনে মোট ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৭৪ জনই ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনের প্রার্থী হতে চান।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান  বলেন, পাঁচটি আসনে মোট ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা ১৮ আসনে ৫৫ জন ও ঢাকা ৫ আসনে ১৯ জন।

সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও সাংসদ সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন শূন্য হয়েছে।

এছাড়া সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন ও সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য রয়েছে।

এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ১৭ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ফরম বিক্রি ও জমা চলবে।

ঢাকা-১৮ আসনে গত ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

এ আসনে নৌকার হাল ধরতে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল, প্রয়াত সাহারা খাতুনের ভাগনে আনিসুর রহমানসহ ৫৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদের মধ্যে যুব মহিলা লীগের সভাপতি নাজমা ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন ইউনিটের সাবেক ১০১ জন নেত্রীদের স্বাক্ষরিত সমর্থন নিয়ে মনোনয়ন তুলেছেন।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্নাসহ ১৯ জন।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক ও আত্রাই উপজেলা সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লবসহ মোট ৩৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত ডিলুর ছেলে গালিবুর রহমান শরিফ, সাবেক সংসদ সদস্য পাঞ্জাব বিশ্বাস, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসসহ মোট ২৮ জন।

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিনটি। এ আসন থেকে নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় মনোনয়ন ফরম কিনেছেন।

দলীয় মনোনয়ন বোর্ডের সভা কবে হবে জানতে চাইলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান  বলেন, “আজকে এই পাঁচ আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার শেষ তারিখ। মনোয়ন বোর্ডই সিদ্ধান্ত দেবে এদের মধ্যে কে কোন আসনে দলীয় মনোনয়ন পাবে। কবে মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে সেটা এখনও নির্ধারণ হয়নি। সিদ্ধান্ত হলে আমরা অতি দ্রুত জানিয়ে দেব।”