ঢাকা ও লক্ষ্মীপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভাটিয়াল গ্রামে অভিযান চালায়। সেখান থেকে মেহেদী হাসান জয় (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের অপর সক্রিয় সদস্য শাহজাহান হোসেন ইমনকে (১৯) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। ফেক ফেসবুক আইডি ব্যবহার করে তারা রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদ প্রচার করে আসছে বলেও জানানো হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেয়ার পাশাপাশি অর্থ ও সদস্য সংগ্রহের জন্য নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়মিত সমবেত হতো।
আসামিদের বিরুদ্ধে লক্ষীপুরের রামগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।








