সিপ্লাস ডেস্ক: ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১১ মে) ভোর থেকে তীব্র যানজট শুরু হয়েছে। যানজটটি দাউদকান্দির শহীদনগর থেকে পুটিয়া পর্যন্ত ১০ কিলোমিটারে পৌঁছেছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের ঘরমুখী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইভেট কারের চালক বলেন, ভোর পৌনে পাঁচটায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার মুরাদনগরের দিকে রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। ঈদ সামনে রেখে যানবাহনের সংখ্যা বাড়ায়, উল্টো পথে যানবাহন চলায়, মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে লোকাল বাসের স্ট্যান্ড গড়ে তোলায় যানজটের সৃষ্টি হচ্ছে।
দাউদকান্দির উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাবিউল্লাহ ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মিতা সাহা বলেন, ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করায় তাঁদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।







