বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নে লকডাউন অমান্য করে বিয়ে করাই আব্দুল্লাহ আল মাহমুদ নামে এক ব্যক্তিকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০১ মে) দুপুর ২ টায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী সেনাবাহিনী ও পুলিশসহ নিয়মিত টহলে থাকাকালীন এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। তাৎক্ষণিক তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, এক্সিম ব্যাংক এ চাকরিরত সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা থেকে বোয়ালখালী উপজেলায় আসে গত ২৭ এপ্রিল। ঢাকা থেকে আসার পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও তিনি হোম কোয়ারেন্টিন না মেনে আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে এবং বিবাহ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার গত ২৬ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ কর। এছাড়াও ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর এক আদেশে সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন ২০১৮ মোতাবেক সারাদেশকে সংক্রমণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং নিত্য প্রয়োজনীয় পন্য ছাড়া এক স্থান থেকে আর এক স্থানে চলাচল নিষিদ্ধ করে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ঢাকা থেকে একাধিকবার যাওয়া আসা করেন ও নতুন বিয়ে করে স্ত্রীকে ঘরে নিয়ে আসেন। পরে তিনি অভিযোগ স্বীকার করে নেন। আইন ও সরকারের নির্দেশ অমান্য করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে হোম কোয়ারেন্টিন এর নির্দেশনা দেওয়া হয়।








