রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আহবানে সাড়া দিয়ে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কাটা, ধান বাড়ি পৌঁছে দেওয়া ও মাড়াই করে দিচ্ছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা হিলাগাজী পাড়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোজা রেখে ওই গ্রামের কৃষক মোহাম্মদ আলমগীরের আড়াই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তাঁরা। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান খান’র উদ্যােগে ধান কাটার কাজে সহায়তা করছেন উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম শুভ, ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি উৎস দাশ, মো. দিদার, মো. রাজু, মো. রিমন, মো. মামুন, মো. এমরান, মো. মাহফুস, মো. সুমন, মো. জিহান প্রমুখ।
কৃষক আলমগীর বলেন, “একদিকে শ্রমিক সংকট অন্যদিকে বৃষ্টির শঙ্কা। তার উপর ধান চাষাবাদ করতে গিয়ে সব টাকা খরচ হয়ে গিয়েছিল। যদি তারা আমার ধান কেটে না দিত তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমার ধান ঘরে তুলতে পারতাম না।
আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের প্রতিও দীর্ঘায়ু কামনা করি।”
ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান বলেন, “করোনা পরিস্থিতির কারণে রাঙ্গুনিয়ায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা।
তাই আমাদের নেতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।”








