Site icon CPLUSBD.COM

তথ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ- রাঙ্গুনিয়ায় গোচরা-মালিরহাট সড়কের উন্নয়ন, উচ্ছ্বসিত এলাকাবাসী

ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় গোচরা-মালিরহাট সড়কের আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম।

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ গোচরা-মহতীপাড়া-মালিরহাট সড়কের আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ হস্তক্ষেপে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মাধ্যমে সড়কটি সংস্কার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে সড়কটির আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম।

এসময় তিনি জানান, সড়কটির বাজার অংশে ১৭২ মিটার দৈর্ঘ্য ও দুই পাশে গাইডওয়ালসহ ১৪ ফুট প্রসস্ত করে ৩০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে।

উদ্বোধনকালে সাংবাদিক জগলুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাপ্তাই সড়ক থেকে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত মাত্র ১৭২ মিটার সড়কে একাধিক খানাখন্দের কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতে রীতিমতো ছোটখাটো একাধিক ডোবায় রূপ নিতো ওই সড়কটি। সড়কের এই সামান্য অংশের বেহাল অবস্থায় পোমরা হাজীপাড়া, মাইজপাড়া, মহতীপাড়া, সাইনীপাড়া, দুল্লভের বাড়িসহ এতদ অঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন। পাশাপাশি নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছিল পোমরা সাব রেজিস্ট্রি অফিস ও জনতা ব্যাংক পোমরা শাখাসহ ওই স্থানের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ। তবে সড়কের এই বেহাল চিত্র ও তীব্র জনদুর্ভোগের সমাধানে এগিয়ে আসেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

তার বিশেষ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে সড়কটি অবশেষে সংস্কার হওয়ায় স্বস্তী প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।