স্বাধীনতা বিরোধীদের তালিকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের একে অন্যের ওপর দায় চাপাচাপি পর এবার সেই তালিকা তৈরীর কাজের খরচ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল৷
স্বরাষ্ট্রমন্ত্রী তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেয়ার কথা জানানোর পর আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, “এই তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি।
গতকাল (১৮ ডিসেম্বর, বুধবার) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, “যে তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছিল সেই কাজের জন্য তাদের ৬০ কোটি টাকা দেয়া হয়েছিল” সেই টাকা কোথায় খরচ হয়েছে তা জানতে চাইলে কামাল বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি একজন সিনিয়র মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যকে উদৃত করে দেশের বেশীর ভাগ গণমাধ্যম সংবাদ প্রকাশ করার পর আজ (১৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, “এই তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সা খরচের প্রশ্নই বাসে না।” “এটি একটি অসত্য তথ্য,” বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।








