Site icon CPLUSBD.COM

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

সিপ্লাস ডেস্ক: বিদেশে পাঠানোর কথা বলে ১৭ বছরের তরুণীকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে নেয়ার কথা বলে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখায় দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস। পরিবারের স্বচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলের দিকে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সাথে দেখা করে। এ সময় কৌশলে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে তাকে ধর্ষণ করে।

পরে ওই তরুণীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় জয়পুরহাট র‌্যাবের কাছে একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালালে কুদ্দুস পালিয়ে যায়। এ সময় ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আসামিকে আদালতে পাঠানো হয়েছে।