রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুর গর্জনিয়ায় রাতের আঁধারে এসিড নিক্ষেপ করে তরুণীর মুখ ঝলসে দেয়ার ঘটনায় জড়িত প্রধান আসামী নুরুল আবছার ভুট্টো নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (৬ জুলাই) রাতে গর্জনীয়া ইউপির দক্ষিণ মাঝির কাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলকার বাদশা মিয়ার ছেলে।
তরুণী তৈয়বার বাবা মোজাফফর আহমদ জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত ভাবে স্থানীয় বাদশা মিয়ার ছেলে ভুট্টো এসিড ছুড়ে তাঁর মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) শাহীন মোঃ আবদুর রহমান জানান, এসিডে ওই তরুণীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। সার্জারি ওয়ার্ডে ভর্তি করে তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে তৈয়বা বেগম (২২) এর উপর এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এতে তার পুরো মুখমণ্ডল ঝলসে গেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর পুরো এলাকায় আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
ঘটনার বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান, তিনি গভীর ভাবে প্রকাশ্যে ও গোপনে পর্যবেক্ষণে রয়েছে। দ্রুত এ ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে বলে জানান। এঘটনায় তরুণীর বাবা মোজাফফর আহমদ বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। আটককৃত আবছারকে আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।








