সিপ্লাস প্রতিবেদক: বৈরী আবহাওয়ায় তলা ফেটে সাগরে ডুবতে থাকা ‘মায়ের দোয়া’ নামের একটি মাছধরার ট্রলারের ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে একটি লাইটার জাহাজ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনাকবলিত হয় ট্রলারটি।
জাহাজটির মাস্টার মো. ওয়াহিদুজ্জামান বলেন, আমরা প্রথমে ডাকাত ভেবেছিলাম। পরে আর্ত চিৎকার শুনে বুঝলাম তারা বিপদে পড়েছেন, জীবন বাঁচানোটা আমাদের কর্তব্য। আমরা নিরাপদে ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করি। ইতিমধ্যে অর্ধেক পানিতে নিমজ্জিত ট্রলারটির সামনের দিকে রশি বেঁধে ডুবে যাওয়া থেকে রক্ষা করি। পরে আরেকটি ফিশিং ট্রলার এসে এটি টো করে (টেনে) নিয়ে যায়।
তিনি জানান, বিষয়টি কোস্টগার্ড, বন্দরের কনট্রোল রুম, ট্রলারটির মালিককে জানানো হয়েছে। মাঝিমাল্লারা সুস্থ আছেন। তাদের সকালের নাশতা, দুপুরের ভাতসহ সব সহায়তা দিচ্ছি আমরা। শিগগির ট্রলার মালিকের লোকজন এসে তাদের নিয়ে যাবে।








