নিউজটি শেয়ার করুন

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ আত্মগোপনে, ২টি অডিওবার্তা প্রকাশ

বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ। ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: সরকারি নির্দেশ অমান্য করে জমায়েতের মাধ্যমে করোনা ছড়ানোর অভিযোগে বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ কান্দলভি ও নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতের পুলিশ প্রশাসন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের খবরে বলা হয়—ঐ জামাত থেকে ফিরে দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানায় ছয় জন, আন্দামানে ১০ জন, কাশ্মীরে এক জন ও তামিলনাড়ুতে ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ঐ জামাতে ৮২৪ জন বিদেশি ছিলেন। এরমধ্যে ৯ জন বাংলাদেশিও ছিলেন।

এদিকে ভারতীয় মুসলমানদের সর্ববৃহত্ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি এক বিবৃতিতে বলেন, নিজামুদ্দিন মারকাজকে কেন্দ্র করে নেতিবাচক প্রচার চলছে। যখন পুরো দেশই নয় বরং গোটা বিশ্ব করোনা ভাইরাসের মতো ধ্বংসাত্মক ব্যাধির বিরুদ্ধে লড়াই করছে, তখন এই লড়াইকে মুসলিমবিরোধী রূপ দেওয়া অত্যন্ত হতাশাজনক এবং নিন্দনীয় বিষয়।

তবে বুধবার সাদ কান্দলভির দুটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে।

প্রথম অডিও বার্তা, যেটি মার্কাজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তাতে মাওলানা সাদকে বলতে শোনা যায়, মৃত্যুর জন্য শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ। তিনি জোর দিয়ে দাবি করেন, তার অনুগামীদের কোনও ক্ষতি করতে পারবে না করোনা ভাইরাস।

দ্বিতীয় ক্লিপে অবশ্য একদম ভিন্ন সুরে কথা বলতে দেখা যায় মাওলানা সাদকে । সেখানে তিনি সকলকে সরকারের গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন এবং বড় জমায়েত এড়িয়ে চলতে বলেন। ওই অডিও বার্তায় তিনি বলেন, নিঃসন্দেহে সারা বিশ্বে যা হচ্ছে তা মানবতার অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত। এটাই ঈশ্বরের ক্রোধ প্রশমিত করার একমাত্র উপায়। সকলকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। নিজেকের কোয়ারান্টাইন করে রাখুন, যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়তের বিরোধী নয়।