ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঝড়ের কারণে হওয়া তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তামিল নাডুর সবচেয়ে বড় শহর চেন্নাইয়ের বেশ কয়েকটি সড়ক ডুবে গেছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ছবি ও ফুটেজে চেন্নাইয়ে উপড়ে পড়া গাছ ও কিছু রাস্তায় হাঁটু সমান উচ্চতার পানিতে লোকজনকে হাঁটতে দেখা গেছে।
ঝড়ের কারণে কেবল পুদুচেরিই ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত দেখেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভি নারায়নাসামী। কেন্দ্রশাসিত অঞ্চলটির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।
“পুদুচেরি জলাবদ্ধ অবস্থায় পতিত হয়েছে, অসংখ্য গাছ উপড়ে পড়েছে,” বৃহস্পতিবার সকালে বলেছেন নারায়নাসামী।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুদুচেরি এবং তামিল নাডুর কাডেলোর শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
কাডেলোর, নাগাপাত্তিনামসহ তামিল নাডুর বিভিন্ন উপকূলীয় শহর ও পুদুচেরিতে বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকবে এবং এ এলাকাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।








