সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে এক সেমিনারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের দল পরিচালনা নিয়েও সমালোচনা করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও সাবেক সাংসদ গোলাম মওলা রনির উপস্থিতিতে তারেককে উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ওহি দেওয়া বন্ধ করেন, স্কাইপ দেওয়া বন্ধ করেন। বিশ্বাস করো, তাহলে এরা (অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা) তোমাকে জয়যুক্ত করবে এবং তোমার মাকে (খালেদা জিয়া) মুক্ত করবে।
“এটা অবশ্যই সত্য কথা, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি প্রায় অসম্ভব। তবে তাকে মুক্ত করার দায়িত্ব তো আমাদেরই। হলে বসে বক্তৃতা দিয়ে নয়, মাঠে যেতে হবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক হিসেবে পরিচিত জাফরুল্লাহ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ওহি দিয়ে পরিচালিত হচ্ছেন, এটাই হল এ জাতির দুর্ভাগ্য। আপনাদের ওহি আসে লন্ডন শহর থেকে, স্কাইপের মাধ্যমে। আজকে আপনারা এটা ছাড়েন। এখানে (সেমিনারে) যারা আছে- রনি, মিলন… তারা চৌকস। তাদের মত আরও কিছু আছে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন।”
তিন মামলায় দণ্ডিত তারেক রহমান পরিবার নিয়ে লন্ডনে আছেন এক যুগ আগে সেই জরুরি অবস্থার সময় থেকে। এর মধ্যে আদালতের রায়ে দুর্নীতি মামলার সাজায় কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার পড়ে লন্ডনে থাকা তারেকের ওপর।
সেখান থেকে স্কাইপের মাধ্যমেই তারেক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ ও স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিয়ে আসছেন। আওয়ামী লীগ নেতারা এ নিয়ে বিভিন্ন সময়ে হাস্যরস করেছেন, গত নভেম্বরে বিএনপি ছাড়ার সময় দলটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, বিএনপি এখন ‘স্কাইপ দলে’ পরিণত হয়েছে।
তারেক রহমানকে কতটা স্নেহ করেন, সে কথা তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী সেমিনারে বলেন, “তারেক আমার খুব প্রিয় মানুষ। ছোটবেলা থেকেই আমি দেখেছি। আপনারা অনেকে দেখেন নাই, আমি দেখেছি। সেই জন্য বলি, এতদূর থেকে বসে তোমার মায়ের (খালেদা জিয়ার) মুক্তি ঘটবে না। প্লিজ দুবছর ওখানে একটা মাস্টার্স বা এমফিল কর।
“এখানে (বাংলাদেশে) যারা আছেন, তাদের কাউকে দায়িত্ব দিয়ে দাও। আর এখানে স্ট্যান্ডিং কমিটির হাত পা নড়ে না, এদেরকে একটু বাড়ি দিয়ে পাঠাও। উনারা বাড়িতে বসে… করুক। দুই ঘণ্টা দাঁড়াতে পারে না, এদের দিয়ে হবে না। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমাদের দিয়ে হবে না “
‘বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার কোন পথে’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল (এনএলসি) নামের একটি সংগঠন।








