সিপ্লাস ডেস্ক: ইরান জানিয়েছে, তালেবানের অনুরোধে তারা জ্বালানি তেল পাঠাচ্ছে আফগানিস্তানে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রকাশ্যে তেল রপ্তানি শুরু করেছে ইরান। কয়েকদিন আগেই এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) এ কথা জানিয়েছে ইরানের তেল, গ্যাস এবং পেট্রোক্যামিক্যাল পণ্য রফতানিকারক ইউনিয়ন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটির মার্কিন ও ন্যাটো বাহিনীর দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসানের পর পরই তারা কাবুল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
গত সপ্তাহে তালেবানের ভয়ে আতঙ্কিত আফগানরা কাবুল ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করলে মুহূর্তের মধ্যেই দেশটিতে পেট্রলের দাম প্রতি টন ৯০০ ডলারে পৌঁছে যায়। এরপরই মূল্যবৃদ্ধি মোকাবিলায় নতুন তালেবান সরকার ইরানকে ব্যবসায়ীদের জন্য সীমান্ত খোলা রাখতে অনুরোধ জানায়।
খুব শিগগির আফগানিস্তানে সরকার গঠন করতে যাওয়া তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে তেহরান এরই মধ্যে স্থলপথে দেশটিতে তেল রপ্তানি শুরু করেছে।
ইরানের তেল-গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মুখপাত্র হামিদ হোসেনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তেলের মূল্য যাতে না বাড়াতে পারে, এ জন্য তালেবান ইরান থেকে তেল আমদানি শুরু করেছে।








