Site icon CPLUSBD.COM

তিনজন নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিলো হেফাজত নেতা নোমান ফয়েজির : পুলিশ সুপার

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীরও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দুই নম্বর গেটস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক।

পুলিশ সুপার বলেন, ‘নোমান ফয়েজীকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা একটি মোবাইল সেট উদ্ধার করেছি। ওই মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, কিছু নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ‘এই ধরনের তথ্য আমাদের কাছে আগেও ছিল। তাকে জিজ্ঞাসাবাদে বিবাহ বহির্ভূতসম্পর্ক এবং বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক তথা দুই ধরনের সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন।’

এসএম রশিদুল হক বলেন, ‘তার মোবাইল থেকে আমরা বেশকিছু চ্যাটিং পেয়েছি, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করছি না। ‘এই নারীদের সঙ্গে তার যে যোগাযোগ ছিল এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল সেটি এই চ্যাটের মাধ্যমে স্পষ্ট হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে এগুলো আমরা তুলে ধরবো।’

পুলিশ সুপার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য এবং আপনি যে পোশাক পরেন সেটির সঙ্গে আপনার এই চরিত্র যায় কিনা? তখন তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়।’