Site icon CPLUSBD.COM

তিন দিনের রিমান্ড শেষ, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী কারাগারে

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ আদেশ দেন।

গত শনিবার (১৫ মে) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে হাটহাজারী থানার এক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরের খুলশী এলাকা থেকে শাহজাহান চৌধুরী গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্তি পান।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এ সময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় ৪ জন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা দায়ের করে পুলিশ।