নিউজটি শেয়ার করুন

তিন দিন ধরে নিখোঁজ রাঙ্গুনিয়ার ট্রাক ড্রাইভার আজিজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মো. আজিজুল হক (২২) নামে এক ট্রাক ড্রাইভার তার চালিত ড্রাম টাকসহ তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত ২৫ মার্চ থেকে তিনি নিখোঁজ হলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।

এই ব্যাপারে গত ২৬ মার্চ তার বাবা আবদুল হাকিম রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

তিনি বলেন, “আমার ছেলে একজন ট্রাক ড্রাইভার। প্রতিদিনের মতো গত ২৫ মার্চ সকালে বেতাগীতে একটি বালির ভাড়া নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এদিন রাত ১১টার দিকে তাকে ফোন করা হলে সে ১ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা বললেও সে আর আসেনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরেরদিন সকাল ৭টার দিকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করা হলে অচেনা একজন ফোন ধরে আবার কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোজাখুজি করেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে চেক শার্ট ও ফুল প্যান্ট ছিল। আমার সন্দেহ কেউ শত্রুতা বশত আমার ছেলেকে অপহরণ করেছে। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছি, যার নং-১১৫১।”

তিনি তার ছেলের সন্ধান পেলে ০১৮২০-৩০৮৫৭৯ মুঠোফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, ‘আজিজুল হক নামে এক ট্রাক ড্রাইভার নিখোঁজের ব্যাপারে তার বাবা একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা তার সন্ধান বের করার চেষ্টা চালাচ্ছি।’