নিউজটি শেয়ার করুন

প্রতিবাদ ও অসন্তোষের মুখে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নাম ফলক পুন:স্থাপন 

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের একজন মন্ত্রীর নাম ফলক মুছে ফেলার ঘটনা নিয়ে সিপ্লাস টিভি ও নিউজ পোর্টালে সংবাদ প্রচারের পর অবশেষে সেই স্থানে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নামযুক্ত ফলক পুন:স্থাপন করা হয়েছে৷

স্থানীয়রা জানিয়েছে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা নাগাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নুরুল ইসলাম বিএসসি’র নাম যুক্ত ফলকটি চান্দগাঁও ওয়ার্ডের ডোমখালী সেতুর ওপর স্থাপন করে। ফলকে চসিক মেয়র আ জ ম নাছির ও স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের নামও রয়েছে৷

উল্লেখ্যে ৫ কোটি ৬০ লাখ টাকার ডোমখালী সেতুর বরাদ্ধ আনা থেকে শুরু করে ভিত্তিপ্রস্তর স্থাপন যিনি করেছিলেন সেই তৎকালিন প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নাম ফলক অপসারণের বিষয়টি সিপ্লাস সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এর প্রতিবাদে মানব বন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীও পালিত হয়েছিলো।

এই ফলক কান্ডের জন্যে স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন খালেদকে দোষারোপ করা হলেও তিনি সিপ্লাসকে জানান, বর্তমানের চসিক ঠিকাদারদের ওপর কাউন্সিলরদের কোন নিয়ন্ত্রন না থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান চসিক প্রকৌশল দপ্তরের নির্দেশনায় কর্মকান্ড পরিচালনা করছে৷ কাউন্সিলর সাইফুদ্দিন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’কে তার মুরুব্বী ও অভিভাবক দাবী করে এসব ফলক ইস্যুটির সাথে তার ব্যক্তিগত কোন সম্পৃক্ততা নেই বলে জানান৷