সিপ্লাস প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রাম এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। একই ফ্লাইটে করে একসাথে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রাও চট্টগ্রামে এসেছে।
শনিবার (২৩ জানুয়রি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খেলোয়াড়দের বহনকারী বিমান।
বিসিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। কঠোর নিরাপত্তা দিয়ে খেলোয়াড়দের নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু তে নিয়ে আসা হয়।
শুধু স্বাগতিক বাংলাদেশই নয়, শনিবার একই ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজ দলও।
এর আগে ৩ ওয়ানডের দুটিতে জয়লাভ করে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি টেস্টও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।








