সিপ্লাস ডেস্ক: নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অবরুদ্ধ পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেওয়া ত্রাণ বিতরণে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলেছেন নতুন আইজিপির দায়িত্ব নিতে যাওয়া বেনজীর আহমেদ।
র্যাবের বিদায়ী এই মহাপরিচালক সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যারা সরকারি ত্রাণ বা ওএমএস’র সামগ্রী নিয়ে নয়-ছয় করবেন, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
বেনজীর বলেন, “কিছু কিছু জায়গায় ত্রাণ লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই ছাড় নয়।”
একই সাথে জনসমাগম না করে ঘরের দরজায় টোকা দিয়ে জানিয়ে দেওয়া বা সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়ার উপর গুরুত্বারোপ করে বেনজীর আহমেদ বলেন, “যদি কোথাও প্রয়োজন পড়ে তা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।”
অবরুদ্ধ পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা অনেকেই মানছে না। এ অবস্থায় সান্ধ্য আইন জারির প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নে র্যাবের বিদায়ী মহাপরিচালক বলেন, “আমরা সচেতনতারর দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রের নিজের চেতনা থাকতে হবে, উপদেশ শুনতে হবে। তবে কারফিউর বিষয়টি সরকার যদি ভাল করে, তাহলে করবে।”
তিনি বলেন, “আইনশঙ্খলা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। কেউ রক্ষা পাচ্ছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশ দিয়েছেন তা মেনে চলতে হবে। থাকতে হবে ঘরে, না হয় কবরে।”
বেনজীর আহমেদ বলেন, “করোনাভাইরাস বৈশ্বিক মহামারী। অর্থনীতিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশ্বে স্বাস্থ্য খাতে যারা প্রথম শ্রেণিতে রয়েছে তারাও হিমশিম খাচ্ছে। এ অবস্থায় আমাদের একটাই উপায় ঘরের মধ্যে থাকা, কোনো জনসমাগম না করা। সরকার ছুটি দিয়েছে পিকনিক বা বাইরে আড্ডা দেওয়ার জন্য নয়।”
তিনি গার্মেন্ট শ্রমিকদের গাদাগাদি করে সমবেত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এতে ঝুঁকির সৃষ্টি হয়।
এবার বাংলা নববর্ষ সবাইকে ঘরের মধ্যে থেকে উদযাপনের আহ্বান জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের এই প্রেক্ষাপটের মধ্যেও পুলিশ নিয়মিত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গিদের তৎপরতার দিকেও কড়া নজরদারি রয়েছে। এরই মধ্যে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক হিসেবে শেষ এই সংবাদ সম্মেলনে দায়িত্বপালনকালে অনেক চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের পর জনগণের আস্থার জায়গা নতুন করে তৈরি করা হয়েছে। একই সাথে র্যাবের উপর জনগণের আত্মবিশ্বাস এখন সুদৃঢ়।
বর্মতান আইজিপি জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়দ শেষ হয়েছে সোমবার। আগামী বুধবার তার কাছ থেকে আইজিপির দায়িত্ব বুঝে নেবেন বেনজীর আহমেদ।








