সিপ্লাস ডেস্ক: ঢাকার ধানমণ্ডিতে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি জড়ানো বাড়ি দখিন হাওয়ায় অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রয়াত এই লেখকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানান, রোববার সকাল সাড়ে ৮টার পর ছয় তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগলে তারা ছাদে উঠে যান।
“বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি লিমা খানম।
ধানমণ্ডি থানার এসআই মো. শফিকুল ইসলাম বলেন, “দখিন হাওয়া ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল এবং দ্রুতই তা নিভে গেছে। ওই ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন।”
ওই বাড়ির পঞ্চম তলায় থাকেন প্রতীক প্রকাশনীর স্বত্ত্বাধিকারী নূর-ই-প্রতীক। অবসর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আলমগীর রহমান তার বাবা।
প্রতীক জানান, তৃতীয় তলার যে ফ্ল্যাটে আগুন লেগেছিল, সেখানে মেহেদী জামান নামে একজন ভাড়া থাকেন। তবে আগুন লাগার সময় বাসায় কেবল তাদের এক আত্মীয় ছিলেন।
“বাড়ির কেয়ারটেকার ম্যানেজাররা আগুন নেভাতে দরজা ভেঙে প্রবেশ করে। মেহেদী জামানের আত্মীয়কে অন্য এক রুম থেকে উদ্ধার করা হয়।”
প্রতীক বলেন, “যারা ওই ফ্ল্যাটে গেছেন, তাদের অনুমান, সিগারেট বা কয়েল থেকে সোফায় আগুন লেগে থাকতে পারে।”
কথাশিল্পী হুমায়ূনের জীবনের শেষ কয়েকটি বছর ধানমণ্ডির এই দখিন হাওয়াতেই কেটেছে। ২০১২ সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিষাদ ও নিনিতের মা শাওন।








